সাঁতরে রক্ষা পেলেন ৯ নাবিক
মোংলা বন্দরের কাছে পশুর নদীতে কয়লাবোঝাই কার্গো জাহাজডুবি
প্রায় ১ হাজার ২০০ টন কয়লা নিয়ে ঢাকায় যাওয়ার পথে পশুর নদীতে ডুবে গেছে এমভি ফুলবাড়ী নামের একটি কার্গো জাহাজ। বন্দর কর্তৃপক্ষ বলছে, চ্যানেলে নৌযান চলাচল স্বাভাবিক।
বাগেরহাটের মোংলা বন্দরের কাছে পশুর নদীতে কয়লাবোঝাই একটি কার্গো জাহাজ ডুবে গেছে। ২৭ অক্টোবর ভোরে পশুর চ্যানেলের সুন্দরী কোঠা এলাকায় এ ঘটনা ঘটে।
জাহাজের নাবিকেরা জানান, ডুবে যাওয়া জাহাজটির নাম এমভি ফুলবাড়ী। হিরণ পয়েন্টে নোঙর করা বিদেশি জাহাজ এমভি ইয়াস জুপিটার থেকে প্রায় ১ হাজার ২০০ টন কয়লা বোঝাই করে এটি ঢাকার বাদামতলীর উদ্দেশে যাচ্ছিল। নাবিকদের দাবি, এমটি জান্নাতুল ফেরদৌস নামের একটি তেলবাহী ট্যাংকারের ধাক্কায় জাহাজটি ডুবে যায়।
জাহাজে থাকা নয়জন নাবিক সাঁতরে কাছের আরেকটি কার্গো জাহাজে উঠে আশ্রয় নেন। এ ঘটনায় কেউ হতাহত হননি।
মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) কমোডর মো. শফিকুল ইসলাম সরকার জাহাজডুবির বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘পশুর চ্যানেল সম্পূর্ণ নিরাপদ।’ চ্যানেলে নৌযান চলাচল স্বাভাবিক রয়েছে এবং জাহাজটি উদ্ধারে মালিকপক্ষ উদ্যোগ নিচ্ছে বলে জানান তিনি।
তথ্যসূত্র: দ্য ডেইলি স্টার


মন্তব্য (০)