বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ | ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সত্যের দাবি, সবার আগে

ব্রেকিং

টোকিওতে দুই প্রধানমন্ত্রীর বৈঠক

বাংলাদেশকে ৩১ কোটি ৭০ লাখ ডলার ঋণ দেবে জাপান

অর্থনৈতিক সক্ষমতা বাড়ানো ও স্থিতিশীল জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে বাংলাদেশকে ৫০ বিলিয়ন ইয়েন ঋণ দেবে জাপান। এটি জাপানের ‘পাওয়ার এশিয়া’ উদ্যোগের আওতায় প্রথম ইয়েন ঋণ প্রকল্প।

বাংলাদেশকে ৩১ কোটি ৭০ লাখ ডলার ঋণ দেবে জাপান
প্রতীকী গ্রাফিক্স ছবি: ClaimBD

অর্থনৈতিক সক্ষমতা বাড়ানো ও স্থিতিশীল জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে বাংলাদেশকে ৫০ বিলিয়ন ইয়েন, অর্থাৎ প্রায় ৩১ কোটি ৭০ লাখ মার্কিন ডলার ঋণ দেবে জাপান। ‘ইমার্জেন্সি সাপোর্ট লোন ফর এনহ্যান্সিং ইকোনমিক রেজিলিয়েন্স অ্যান্ড স্টেবল এনার্জি সাপ্লাই’ নামের এই ঋণ জাপানের ‘পাওয়ার এশিয়া’ (POWERR Asia) উদ্যোগের আওতায় প্রথম ইয়েন ঋণ প্রকল্প।

২৭ অক্টোবর টোকিওতে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির দ্বিপক্ষীয় বৈঠকের পর প্রকাশিত যৌথ বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতি অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমান এই ঋণের জন্য জাপানের প্রশংসা করেছেন। জাপানের প্রধানমন্ত্রী বলেছেন, জ্বালানির চাহিদা ও সরবরাহের ব্যবধান কমাতে বাংলাদেশের জ্বালানি অবকাঠামোয় সহায়তা অব্যাহত রাখবে জাপান।

বিশ্ববাজারে জ্বালানির অস্থির দাম নিয়েও দুই নেতা আলোচনা করেন। তেলের মজুত গড়ে তোলা এবং জ্বালানি উৎপাদক ও ভোক্তা দেশগুলোর মধ্যে সমন্বয় বাড়াতে একসঙ্গে কাজ করার ওপর জোর দেন তাঁরা।

বৈঠকে বঙ্গোপসাগরীয় শিল্প প্রবৃদ্ধি বলয় (বিগ-বি) উদ্যোগকে ‘বিগ-বি ফর শেয়ারড প্রসপারিটি’ নামে নতুন কাঠামোয় উন্নীত করার ঘোষণা আসে। এর আওতায় মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরকে কেন্দ্র করে মাতারবাড়ী-মহেশখালী এলাকাকে লজিস্টিকস, জ্বালানি ও শিল্পের বড় কেন্দ্র হিসেবে গড়ে তোলার বিষয়ে একমত হয়েছে দুই দেশ। চার দিনের সরকারি সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতসহ কয়েকজন মন্ত্রী ও উপদেষ্টা রয়েছেন।

তথ্যসূত্র: দ্য ডেইলি স্টার

মন্তব্য (০)

মন্তব্য করুন

আপনার ই-মেইল ঠিকানা প্রকাশ করা হবে না। মন্তব্য প্রকাশের আগে মন্তব্য নীতিমালা পড়ুন।