প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্টের তথ্য সংশোধন ও রি-ইস্যুর মেয়াদ বাড়ল ৩১ ডিসেম্বর পর্যন্ত
প্রবাসে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক পাসপোর্ট ইস্যু ও রি-ইস্যু কার্যক্রমের মেয়াদ আরও প্রায় ছয় মাস বাড়িয়েছে সরকার। এর ফলে প্রবাসীরা এখন থেকে চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত এই বিশেষ সুযোগ ভোগ করতে পারবেন।
গত ২১ জুলাই ২০২৬ তারিখে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের বহিরাগমন-৪ শাখা থেকে এসংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ নুরুজ্জামান স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে এই মেয়াদ বাড়ানোর কথা আনুষ্ঠানিকভাবে জানানো হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, প্রবাসী বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক পাসপোর্ট ইস্যু বা রি-ইস্যু কার্যক্রম অব্যাহত রাখার স্বার্থে ইতিপূর্বে গত ২০২৫ সালের ০৮ জুলাই একটি স্মারক জারি করা হয়েছিল। ওই স্মারকে বর্ণিত নির্দেশনা অনুযায়ী কার্যক্রমের মেয়াদ ৩০ জুন ২০২৬ তারিখ পর্যন্ত নির্ধারিত ছিল। জনস্বার্থে সেই মেয়াদ বাড়িয়ে এখন আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত নির্ধারণ করা হলো। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
সংশ্লিষ্ট মহলের মতে, সরকারের এই সময়োপযোগী সিদ্ধান্তের ফলে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত যেসকল প্রবাসী বাংলাদেশি পাসপোর্টের নানা তথ্য সংশোধন নিয়ে জটিলতায় বা বিপাকে ছিলেন, তারা নির্ধারিত এই বর্ধিত সময়ের মধ্যে তাদের সমস্যার সমাধান করে পাসপোর্ট নবায়ন বা রি-ইস্যু করার পর্যাপ্ত সুযোগ পাবেন। এর ফলে প্রবাসীদের দীর্ঘদিনের ভোগান্তি অনেকটাই লাঘব হবে।
উল্লেখ্য, এই আদেশ দ্রুত বাস্তবায়নের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়; প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়; ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর; প্রতিরক্ষা গোমহাপরিদপ্তর (ডিজিএফআই); জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই); জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ (নির্বাচন কমিশন সচিবালয়); জন্ম ও মৃত্যু নিবন্ধন রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়; পুলিশ হেডকোয়ার্টার্সের বিশেষ শাখা (এসবি); ই-পাসপোর্ট প্রকল্প এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগসহ মোট ১৩টি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ও দপ্তরে অনুলিপি পাঠানো হয়েছে।



