এইমাত্র পাওয়া

বিএনসিসি ডে 2026 । প্রতি বছর ২৩ মার্চ দেশব্যাপী পালিত হবে

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)-এর কার্যক্রমকে আরও গতিশীল এবং রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি প্রদানের লক্ষ্যে প্রতি বছর ২৩ মার্চ তারিখটিকে ‘বিএনসিসি ডে’ (BNCC DAY) হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। গত ৩ ফেব্রুয়ারি ২০২৬ (২০ মাঘ ১৪৩২) তারিখে মন্ত্রিপরিষদ বিভাগের সাধারণ অধিশাখা থেকে জারি করা এক পরিপত্রের মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়।

মন্ত্রিপরিষদ বিভাগের উপ-সচিব তানিয়া আফরোজ স্বাক্ষরিত ওই পরিপত্রে (নম্বর: ০৪.০০.০০০০.০০০.৪১৬.২৩.০০০২.২৫.৭৯) উল্লেখ করা হয়েছে যে, সরকার ২৩ মার্চ তারিখটিকে ‘গ’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে উদযাপনের সিদ্ধান্ত গ্রহণ করেছে।

পরিপত্রে আরও জানানো হয়, ১৪ আগস্ট ২০২৫ তারিখে জারিকৃত আগের একটি পরিপত্রের (নম্বর: ০৪.০০.০০০০.৪১৬.২৩.০০০২. ২৫.৫১২) মাধ্যমে নির্ধারিত ‘গ’ শ্রেণিভুক্ত দিবসের তালিকায় এখন থেকে ‘BNCC DAY’ যথাযথ স্থানে অন্তর্ভুক্ত বলে গণ্য হবে।

দেশের সকল মন্ত্রণালয়, বিভাগ ও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে এই সিদ্ধান্ত যথাযথভাবে পালনের জন্য সরকারের পক্ষ থেকে নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, বিএনসিসি বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে একটি স্বেচ্ছাসেবী সংগঠন, যা শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম, শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে কাজ করে থাকে। রাষ্ট্রীয়ভাবে এই দিবসটি পালনের সিদ্ধান্ত ক্যাডেটদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে বলে ধারণা করা হচ্ছে।

এই আদেশের অনুলিপি প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, সকল সিনিয়র সচিব/সচিব, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক (ডিসি) এবং উপজেলা নির্বাহী অফিসারসহ (ইউএনও) সংশ্লিষ্ট সকল দপ্তরে বিতরণের জন্য পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *