এইমাত্র পাওয়া

রাজধানীতে বর্জ্য অপসারণে গাফিলতি: প্রধানমন্ত্রীর নির্দেশে দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা বরখাস্ত

রাজধানীর বেশ কয়েকটি এলাকার সড়কে কুরবানির পশুর বর্জ্য ও ময়লা-আবর্জনা পড়ে থাকায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দায়িত্ব পালনে অবহেলার কারণে তাঁর তাৎক্ষণিক নির্দেশে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে (আঞ্চলিক কর্মকর্তা) সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন— ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) জোন-৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. সাদেকুর রহমান (উপসচিব) এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) জোন-১ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা কাজী সালেহ মুস্তানজির (উপসচিব)।

আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর ২টার দিকে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই গাড়ি চালিয়ে রাজধানীর বিভিন্ন সড়কের পরিস্থিতি দেখতে বের হন। গুলশানের বাসভবন থেকে বের হয়ে তিনি রামপুরা, মালিবাগ, বাসাবো হয়ে কমলাপুরের দিকে যান। এরপর সায়েদাবাদ, যাত্রাবাড়ী, ধোলাইখাল, নারিন্দা হয়ে বংশাল, গুলিস্তান, শাহবাগ ও নিউ মার্কেট এলাকা পরিদর্শন করেন। সেখান থেকে জিজাতলা, ধানমন্ডি, ফার্মগেট, বিজয় সরণি হয়ে মহাখালী পর্যন্ত সড়কের সার্বিক অবস্থা তিনি সরজমিনে প্রত্যক্ষ করেন।

হাতিরপুল-ফার্মগেটে ময়লার স্তূপ, ক্ষোভ প্রকাশ

পরিদর্শনকালে প্রধানমন্ত্রী রাজধানীর অধিকাংশ এলাকায় বর্জ্য ব্যবস্থাপনা সন্তোষজনক দেখলেও বেশ কিছু গুরুত্বপূর্ণ সড়কে ময়লা ও কুরবানির পশুর বর্জ্য জমে থাকতে দেখেন। বিশেষ করে হাতিরপুল, এলিফ্যান্ট রোড, গ্রিনরোড, ফার্মগেট এবং কারওয়ানবাজার এলাকার রাস্তায় বর্জ্য অপসারণ না করায় তিনি চরম অসন্তোষ প্রকাশ করেন। এরই পরিপ্রেক্ষিতে দায়িত্বে অবহেলার অভিযোগে ওই দুই অঞ্চলের দায়িত্বে থাকা কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার নির্দেশ দেন তিনি।

জনপ্রশাসনে ন্যস্ত ও বিভাগীয় ব্যবস্থার নির্দেশ

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বিষয়টি নিশ্চিত করে জানান, প্রধানমন্ত্রী মূলত রাজধানীর বিভিন্ন উন্নয়ন প্রকল্প এবং কুরবানির পশুর বর্জ্য ব্যবস্থাপনা পরিস্থিতি সরাসরি দেখতে পরিদর্শনে বের হয়েছিলেন। কয়েকটি স্থানে বর্জ্য জমে থাকার দৃশ্য দেখে তিনি ক্ষুব্ধ হন এবং তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট দুই কর্মকর্তাকে বরখাস্তের নির্দেশ দেন।

প্রতিমন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনার পর ওই দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে তাৎক্ষণিকভাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। একই সাথে সরকারি দায়িত্বে অবহেলা ও উদাসীনতার জন্য তাদের বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমে যেকোনো ধরনের শিথিলতা বা গাফিলতি বরদাশত করা হবে না বলে সরকারের উচ্চপর্যায় থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *