৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ঘোষণা: অনুষ্ঠিত হবে ৩০ জানুয়ারি
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) ৫০তম বিসিএস-২০২৫ এর প্রিলিমিনারি টেস্টের (MCQ Type) সময়সূচি ঘোষণা করেছে। আজ ১৪ জানুয়ারি ২০২৬ তারিখে কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আগামী ৩০ জানুয়ারি ২০২৬, শুক্রবার অনুষ্ঠিত হবে। এদিন সকাল ১০:০০ টা থেকে দুপুর ১২:০০ টা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী এই পরীক্ষা চলবে।
পরীক্ষাটি ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ—এই আটটি বিভাগীয় শহরের নির্ধারিত কেন্দ্রগুলোতে একযোগে অনুষ্ঠিত হবে।
কমিশন জানিয়েছে, পরীক্ষার হল, আসন ব্যবস্থা এবং সংশ্লিষ্ট অন্যান্য গুরুত্বপূর্ণ নির্দেশনাগুলো যথাসময়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইট (www.bpsc.gov.bd) এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট (http://bpsc.teletalk.com.bd) -এ প্রকাশ করা হবে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে যে, প্রকাশিত এই সময়সূচিতে পরবর্তীতে যেকোনো সংশোধনের প্রয়োজন হলে তা করার অধিকার কমিশন সংরক্ষণ করে।




